রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক


প্রকাশ :

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, জাতি একজন বিশিষ্ট জনসেবক ও একজন শ্রদ্ধেয় রাজনীতিবিদকে হারালো।

প্রধান উপদেষ্টা এক শোক বার্তায় বলেন, ‘আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে সুন্দর স্থান দান করুন।’বার্তায় প্রধান উপদেষ্টা চিকিৎসক ও জনসেবক হিসেবে বদরুদ্দোজা চৌধুরীর দীর্ঘ ও বহুল সম্মানিত কর্মজীবনের কথা স্মরণ করেন।তিনি বলেন, ডা. বদরুদ্দোজা চৌধুরী দেশের একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে কল্যাণ ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়েছেন। এক সময় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার উপস্থাপনায় প্রচারিত ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠানটি লাখ লাখ দর্শকের প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছিল। এ অনুষ্ঠানটি তাকে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়।

অধ্যাপক ইউনূস বলেন, ‘তিনি একই স্তরের একনিষ্ঠতা নিয়ে রাজনীতিতে এসেছিলেন। পাঁচবারের সংসদ সদস্য হিসাবে তিনি ৯০-এর দশকে দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদে তার বক্তৃতা সকল মতের রাজনীতিবিদদের কাছে প্রশংসিত হয়েছিল।’ প্রধান উপদেষ্টা আশা করেন তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব এই ক্ষতি বহন করার শক্তি সঞ্চয় করতে পারবেন।তিনি জনগণকে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার এবং ‘জনগণ ও গণতন্ত্রের কল্যাণে নিজেদের উৎসর্গ করার’ আহ্বান জানান া


অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, ঢাকার উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে ভোর ৩ টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।