রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি গরু পারাপারকারী শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি গোপনে রংপুরে চিকিৎসাধীন বলে জানা গেছে।  

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯ নম্বরের ৪ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারীদের ৪ থেকে ৫ জনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। এ সময় ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় গরু নিয়ে ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে। তাঁর সঙ্গীরা উদ্ধার করে রাতই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সেখানে গোপনে চিকিৎসাধীন রয়েছে। 

এ ব্যাপারে জগতবেড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুবক্কর সিদ্দিক মানিক বলেন, ‘গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে শহিদুল আহত হয়েছে শুনেছি। পায়ে গুলি লেগেছে, রংপুরে চিকিৎসা নিচ্ছে।’ 

এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল)। ‘এ ঘটনায় রোববার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি।’