ড. বদিউল আলম মজুমদার এক বিবৃতিতে বলেছেন, আজ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’-এর উদ্যোগে অংশীজনদের সঙ্গে এক সফল সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান।
আমি বলেছি যে, আমাদের কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইন-কানুন ও বিধি-বিধান সংস্কারের প্রস্তাব করবে। আমি আরও বলেছি, ভবিষ্যতে যারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকবে, তাদের জন্য আমি কোনো বাধা দেখছি না। এ ছাড়া, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।
কিন্তু কিছু গণমাধ্যম আমাদের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।
আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিপুল সংখ্যক ছাত্র ও জনতার আত্মত্যাগ এবং প্রাণহানির বিনিময়ে গত ০৫ আগস্ট এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এ লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা রেখেছি এবং নানান চাপ সহ্য করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচার আমাকে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত করেছে।
আমি মনে করি, এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করার শামিল।