লালমনিরহাটের আদিতমারীতে ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রয় করার অভিযোগে লিখন ব্রিকস এর মালিক সহিদুল ইসলাম লিখনসহ ৩ জনের ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামে সহিদুল ইসলাম লিখনের ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
এসময় মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত লিখন ব্রিকস এর মালিক সহিদুল ইসলাম লিখনের এক লাখ টাকা, ভেকু মালিক আব্দুর রাজ্জাকের ৫০ হাজার টাকা ও জমির মালিক মাটি বিক্রেতা সাইফুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ইটভাটা মালিক সহিদুল ইসলাম লিখন লালমনিরহাট থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। ভেকু মালিক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের রৌমারী এলাকার বাসিন্দা আর জমি মালিক সাইফুল ইসলাম দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আব্দুস সোবাহনের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে।