রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মেলা শুরু


প্রকাশ :

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে উদযাপিত হচ্ছে তিন দিনব্যাপী বেগম রোকেয়া দিবস। রোকেয়ার স্মৃতিকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম দিনে তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

সোমবার (৯ ডিসেম্বর) পূর্ব নির্ধারিত সিডিউল সকাল ৯ টা থাকলেও বিলম্বিত হয়ে সেটি দুপুর ১টায় বেগম রোকেয়ার জন্ম ভিটায় উপস্থিত থেকে ফুলেল শ্রদ্ধা জানান রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবিত করিম মুন্না, রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলালসহ অন্যান্য কর্মকর্তারা। পরে একে একে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান রংপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরে মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া অডিটোরিয়ামে নারী জাগরণের এই অগ্রদূতের জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিবৃন্দ ছাড়াও রোকেয়া অনুরাগী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে প্রতিবারের ন্যায় এবারও তার জন্মস্থান পায়রাবন্দে ৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে রোকেয়া মেলা। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার এবং নারীদের উন্নয়নমূলক প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। মেলায় তিনশ'র অধিক নানা স্টল ও দোকানের পসরা বসেছে। পায়রাবন্দে আয়োজিত এই মেলায় স্থানীয় জনগণ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা অংশগ্রহণ করছেন। মেলা প্রাঙ্গণে বেগম রোকেয়ার জীবন ও আদর্শের উপর ভিত্তি করে বিশেষ প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, বেগম রোকেয়ার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলার দ্বিতীয় দিন রয়েছে সেমিনার, যেখানে নারীদের ক্ষমতায়ন এবং শিক্ষার গুরুত্ব নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বরা আলোচনা করবেন। শেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপন শেষ হবে।

তবে রোকেয়ার স্মৃতি নিয়ে সরকারি বেসরকারিভাবে কার্যকরী কোন দৃশ্যমান পদক্ষেপ না থাকলেও পায়রাবন্দে এই আয়োজন তার আদর্শ ও সংগ্রামী জীবনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি সার্থক প্রচেষ্টা বলে দাবি আয়োজকদের।

উল্লেখ্য, ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে বেগম রোকেয়ার জন্ম। ১৯৩২ সালের এই দিনেই কোলকাতায় স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেন ।