বাংলাদেশের গ্রামীণ ও আর্থিক সেবাবঞ্চিত মানুষের মধ্যে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে ঋণসুবিধা চালু করছে সহজমোবাইল। এ লক্ষ্যে অ্যালমার সঙ্গে ঋণ অর্থায়ন চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রভিত্তিক হোল্ডিং কোম্পানি এইচআর কনসোর্টিয়া ইউএসএর মাধ্যমে সর্বোচ্চ আড়াই কোটি ডলার ঋণ নিতে পারবে সহজমোবাইল। বিকন পিক পার্টনারসের নেতৃত্বে এ অর্থায়ন কার্যক্রম পরিচালিত হবে।
সহজমোবাইলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালে কার্যক্রম শুরুর পর থেকে ৩ হাজার ৩০০টির বেশি খুচরা বিক্রেতার মাধ্যমে লাখো গ্রাহককে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৭ সালের মধ্যে ১০ লাখ গ্রাহককে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করেছে তারা। বিশেষ করে নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
সহজমোবাইলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাফসান ফয়েজ বলেন, বাংলাদেশের ঋণবাজারে বিপুল সম্ভাবনা রয়েছে। তবে এখনো অনেক মানুষের জন্য প্রাতিষ্ঠানিক ঋণসেবা সহজলভ্য নয়। নতুন এই অর্থায়ন প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি স্মার্টফোন কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য ঋণসুবিধা সম্প্রসারণে সহায়তা করবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দলে আন্তর্জাতিক ঋণদান, ঋণ ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা রয়েছেন। এর মধ্যে গুগেনহেইম পার্টনারস, বিএডব্লিউএজি, গুগল, কোয়ালিয়া, ম্যাকুয়ের, ব্ল্যাকরক ও কিয়াভিতে কাজের অভিজ্ঞতা রয়েছে সংশ্লিষ্টদের।
সহজমোবাইলের প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও খুচরা বিক্রয়কেন্দ্রে অর্থায়ন কার্যক্রম পরিচালিত হবে। সাধারণত একজন গ্রাহক স্মার্টফোন কেনার জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। বিশেষ ক্ষেত্রে এ ঋণের পরিমাণ দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে। ঋণ পরিশোধের মেয়াদ হবে ৬ থেকে ৯ মাস। ঋণ পেতে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
সহজমোবাইল বিডি লিমিটেড ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র পেয়েছে। পরীক্ষামূলক এ কার্যক্রমে স্মার্টফোন নেই এমন নিম্ন আয়ের মানুষ এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। নির্ধারিত পরিচালন শর্ত ও নিয়মিত পর্যবেক্ষণের আওতায় কার্যক্রমটি পরিচালিত হবে।
সহজমোবাইলের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু আল মোতালিব বলেন, বাংলাদেশকে ডিজিটাল করার প্রথম ধাপ হলো মানুষকে সংযুক্ত করা। গ্রামের একজন মানুষের জন্য স্মার্টফোন কাজ খোঁজা, ক্রেতার কাছে পৌঁছানো, অর্থ গ্রহণ এবং জরুরি সেবা পাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।
তিনি বলেন, আয় বাড়াতে সহায়ক এমন একটি সম্পদ কেনার ক্ষেত্রে মানুষকে অর্থায়নের সুযোগ দিতে চায় সহজমোবাইল। এ উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারীদের, যারা এখনো স্মার্টফোন ও আর্থিক সেবার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন।