সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পেঁয়াজ উৎপাদনে চাহিদার চেয়ে ৪১ শতাংশ বেশি, আমদানি বন্ধের দাবি ডিএইর


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
পেঁয়াজ উৎপাদনে চাহিদার চেয়ে ৪১ শতাংশ বেশি, আমদানি বন্ধের দাবি ডিএইর

ব্যাপক ফলন এবং আধুনিক সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ। দেশে বার্ষিক ৩৬ লাখ টন চাহিদার বিপরীতে চলতি বছর ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে। যা চাহিদার তুলনায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি। ফলে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে সারা বছর স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ব্যাপক উৎপাদনের পাশাপাশি আধুনিক সংরক্ষণ ব্যবস্থার কারণে অফ-সিজনেও পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে পেঁয়াজের ঘাটতি মোকাবিলায় কৃষক পর্যায়ে সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হয়েছে। এতে ফসল সংগ্রহোত্তর অপচয় কমিয়ে আনা সম্ভব হচ্ছে।

সাধারণত দেশে পেঁয়াজ সংরক্ষণের প্রচলিত পদ্ধতিতে ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ। পচন ও বৈরী আবহাওয়ার কারণে কোনো কোনো সময় এ হার ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। এ অপচয়ের কারণে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যেত এবং দাম বাড়ার পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা তৈরি হতো। তবে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি ব্যবহারে পরিস্থিতির পরিবর্তন এসেছে।

ডিএইর তথ্য অনুযায়ী, ব্যাপক ফলন ও কৃষকদের মধ্যে এয়ার-ফ্লো মেশিন বিতরণের ফলে গত ১১ মাস ধরে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে। এতে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানি হয়েছিল প্রায় ৬ লাখ টন।

ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, ‘আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। এটি অফ-সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।’

তিনি জানান, এ পর্যন্ত কৃষক পর্যায়ে মোট ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের আরও ৪ হাজার মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পেঁয়াজ চাষকে লাভজনক উল্লেখ করে ডিএইর মহাপরিচালক বলেন, বর্তমানে কৃষকরা প্রতি বিঘা জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন করছেন। এসব পেঁয়াজ বিক্রি করে প্রায় ১ লাখ টাকা পাওয়া যাচ্ছে। ফলে কৃষকরা নিজেরাই লাভের আশায় পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন।

ফরিদপুরের মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া জানান, তিনি গত ছয় মাস ধরে এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। তার মতে, এ প্রযুক্তি পেঁয়াজের সামগ্রিক ঘাটতি কমাতে ভূমিকা রাখছে। প্রচলিত পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে গেলেও নতুন পদ্ধতিতে তা ২ থেকে আড়াই কেজিতে নেমে এসেছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, আধুনিক সংরক্ষণ সুবিধার কারণে কৃষকরা ভালো দাম পাওয়ার সুযোগ পাচ্ছেন। এপ্রিল মাসে ফসল সংগ্রহের পর প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে তা বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় ওঠে।

অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া বলেন, কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে সরকারের পেঁয়াজ রপ্তানির বিষয়েও মনোযোগ দেওয়া উচিত। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে প্রায় ৪০ টাকা খরচ হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে ২০২৬ সালের ক্যালেন্ডার বছরে দেশে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

চলতি বছর দেশে ৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে ৫০ লাখ ৯০ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি। ফসল সংগ্রহের প্রায় দুই সপ্তাহ আগে মার্চের শেষ দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর প্রতি বিঘায় পেঁয়াজের উৎপাদন ৭০ মণ থেকে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে।

পেঁয়াজের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সরকার কৃষকদের মধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে। এ প্রযুক্তিতে নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচলের মাধ্যমে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এর ফলে বছরের বিভিন্ন সময়ে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।

বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণ আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রকল্পের আওতায় আধুনিক সংরক্ষণ প্রযুক্তি স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার এবং বাড়িতে সাইনবোর্ড স্থাপনের জন্য ১ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই প্রযুক্তির মাধ্যমে কৃষকরা ইতোমধ্যে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করেছেন। প্রতিটি মেশিনে প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬ জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ কৃষককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ড. মাহফুজুর রহমান জানান, দেশের ১৭টি পেঁয়াজ উৎপাদনকারী জেলায় প্রায় ২ লাখ পেঁয়াজচাষি রয়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে ৫০ হাজার কৃষকের মধ্যে এ প্রযুক্তি বিতরণ করা হয়েছে।

গ্রীষ্মকালীন বা মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন বাড়াতেও সরকার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ৪০ জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৩৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়, যা ২০২৭ সালের জুন পর্যন্ত চলবে। প্রকল্প পরিচালক মাসুদুর রহমান জানান, এ প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী প্লট ও ২৫টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। পাশাপাশি খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি জাত, যেমন বারি-৫ পেঁয়াজের সম্প্রসারণ করা হবে। প্রকল্প চলাকালে মোট ৩ হাজার ৩৭৫টি গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী প্লট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সূত্র: বাসস

বিজ্ঞাপন