আমার গলায় জুতার মালা
বীর মুক্তিযোদ্ধা কে. এম. সিদ্দিক আলী
অসীম অহংকার ধরি বক্ষে উড়েছিলাম অবারিত নীলাম্বরে
আলোর ভুবনে বেঁধেছিনু ঘর অন্তহীন সুখে তাঁরাদের সরবরে।
অসাধ্য বুঝি করেছি সাধন নাকি অজেয়কে জয়,
ত্যাজি আপন সত্ত্বা দানিলাম সুধা হয়ত ভুলিবার নয়।
গোলামীর জিজ্ঞির ছিন্ন করি রচিয়াছি মধুময় ঝলমলে সকাল,
লাল সবুজের পতাকার মাঝে হয়ত সবাই স্মরিবে চিরকাল।
প্রজন্ম হতে প্রজন্ম অবধি প্রাণভরে গাবে মহান বিজয়ের গান,
জুলুম অনাচার অন্যায় অবিচার অসত্য নিয়ে পালিয়েছে শয়তান।
ভাবিতে ভাবিতে চমকি জাগি, হেরি ছিন্ন ভিন্ন সাজানো পুষ্প ডালা,
আলু থালু কেশ জীর্ণ ছিন্ন বেশ, আমার গলায় জুতার মালা।
শিহরিয়া সুধাই নিজেকে নিজে, কে গো তুমি কি তব পরিচয়,
তবে কি ৭১, ত্রিশ লক্ষ শহীদ, মা বোনের সম্ভ্রম এসব সত্য নয়?
সে কোন কারিগর চতুর সওদাগর আটিল ফন্দি অন্তরে তার,
চাপিয়া রি-সেট বাটন যত গৌরবময় অর্জন করিতে চায় ছারখার।
সন্তান কভু হবে নাতো প্রভু, ফেলি পদতলে শিরোমনি পিতার পরিচয়,
কোনো সুবচন কোনো উচ্চাসন কভু নারি তারে করে ধণ্যময়।
মহান ৭১, এর বর্বর হায়েনাদের দোসর, ত্যাজিয়া লাজ করে আসফালন,
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ওদেরই অন্তরে লালিত আকিঞ্চন।
পরাজয়ের গ্লানি ভুলা কষ্ট জানি, তা-বলে কি হিংশ্র আজীবন,
বধিয়া ন্যায়ের বাণী চিরকাল রহিবে খুনি, সত্য করিবে নিধন?
কুকর্মে মজিয়া নরঘাতক সাজিয়া, হলে নিন্দিত পেলে ধিক্কার,
বিষ্ঠায় লুকিয়ে মুখ তথায় খুজে সুখ, গাত্রে গন্ধ জবানে স্বোচ্চার।
দীন বেশে বেদীন বনিয়া ভন্ডের হাতে তসবীহ গনিয়া ছল চাতুরী চলে,
সত্যকে মুছিতে ভবে কামিয়াব কে হয়েছে কবে, তবু মরিয়া ছলে বলে।
কেউ পাবে না নিস্তার কোন বীর মুক্তিযোদ্ধার ইজ্জত করে হরন,
গলায় পরিয়ে জুতার মালা পরাজয় পুনঃ করিলে বরন।
তারিখ:- ২৩-১২-২০২৪ খ্রিঃ