লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ০৯ টা থেকে বিকেল ০৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (ROSE)-এর উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত মানুষের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ এবং রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন এবং তাঁর নেতৃত্বাধীন চিকিৎসক ও সংশ্লিষ্ট টিম। এসময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ মোজাম্মেল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রোজ এর নির্বাহী সদস্য মেহেদী হাসান বকুল জানান, রোজ মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম অঙ্গীকার। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে আমরা স্থানীয় জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে চাই। ভবিষ্যতেও ROSE-এর পক্ষ থেকে মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নীরব ঘাতক হিসেবে মানুষের স্বাভাবিক জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক জীবনযাপন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার উদ্যোগটি প্রশংসার দাবীদার।
একজন নারী সেবাগ্রহীতা রাহিমা বেগম বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়ে তিনি সন্তুষ্ট। বিশেষ করে নারীদের জন্য এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিনব্যাপী এ ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।