লালমনিরহাটের হাতীবান্ধায় তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে। তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে তিথি রানীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা সেখানে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।