লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসাসেবা সংকট নিরসন, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক সুবিধা নিশ্চিতের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছে “সমৃদ্ধ লালমনিরহাট” নামের একটি সংগঠন।
মঙ্গলবার (৫ মে) সংগঠনটির পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়| এতে বলা হয়, ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না। ফলে হাসপাতালটি কার্যত পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।
এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন গণসংহতি আন্দোলনে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং সমৃদ্ধ সংগঠনের সদস্য দীপক কুমার রায়। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমৃদ্ধ সংগঠনের সদস্য রাশেদুর জামান, দেওয়ান বাবু, বীরেন চন্দ্র বর্মণ, মুহিন রায় প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে হাসপাতালে জনবল ঘাটতি চরম আকার ধারণ করেছে| মাত্র কয়েকজন মেডিকেল অফিসার দিয়ে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। জরুরি বিভাগ পরিচালনা করতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের| প্রয়োজনীয় ওষুধের অভাব, চিকিৎসা সরঞ্জামের সংকট এবং ব্যবস্থাপনার দুর্বলতায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনটির দাবি, অনেক ক্ষেত্রে রোগীরা চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছেন, যা তাদের জন্য বাড়তি ভোগান্তি ও খরচের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্মারকলিপিতে আট দফা দাবি তুলে ধরা হয়েছে| এর মধ্যে রয়েছে, শূন্যপদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করা, জরুরি বিভাগ ও ট্রমা সেন্টার ২৪ ঘণ্টা চালু রাখা, আইসিইউ-সিসিইউ ও ভেন্টিলেটর সুবিধা সচল করা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ, তত্বাবধায়কসহ দায়িত্বরত চিকিৎসকদের রাতে স্টেশনে অবস্থান, হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা জোরদার এবং মনিটরিং ব্যবস্থা চালু করা।
এছাড়া রোগীদের তথ্য সংরক্ষণে ডিজিটাল সিস্টেম চালু এবং টেলিমেডিসিন সেবার প্রসারেরও দাবি জানানো হয়।
সংগঠনটির নেতারা বলেন, লালমনিরহাটের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন| দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।