আত্মীয়তার পরিচয় ব্যবহার করে বিদেশে পাঠানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হুমকি-ধামকির অভিযোগ তুলেছেন লালমনিরহাটের এক পরিবার। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) বিকেলে শহরের সার্কিট হাউস সংলগ্ন একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আদিতমারী উপজেলার সাররপুকুর ইউনিয়নের বাসিন্দা শাহা আলম।
লিখিত বক্তব্যে শাহা আলম জানান, প্রায় ১১ মাস আগে একই ইউনিয়নের লুতফুর রহমান ও আলামিন আত্মীয়তার সূত্র ধরে তাকে অনুরোধ করে বিদেশে পাঠানোর জন্য। পরে একটি এজেন্সির মাধ্যমে তারা সৌদি আরব পৌঁছান। প্রথমদিকে সব কিছু স্বাভাবিক থাকলেও, কাজের অসন্তুষ্টির কারণে লুতফুর ও আলামিন কোম্পানি পরিবর্তন করে অন্যত্র চলে যায়। সেখানে গিয়ে হয়রানির শিকার হন তারা এবং উল্টো শাহা আলমের পরিবারকে দায়ী করে ফেসবুকে অপপ্রচার চালান।
তিনি অভিযোগ করেন, শুধু অপপ্রচারই নয়, বরং অতিরিক্ত সাত লাখ টাকা দাবিও করা হয়েছে, যা তার পরিবারের সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ণ করেছে।
অন্যদিকে সৌদি আরবে অবস্থানরত লুতফুর ও আলামিনের পরিবার দাবি করেছে, তাদের সন্তানরা দালালের মাধ্যমে একটি কুচক্রের ফাঁদে পড়েছে এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
রংপুরে ক্যাসিনো সম্রাট শেখ রাসেল গ্রেফতার
১৫ ঘন্টা আগে