রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে বিভিন্ন আমদানিনির্ভর মসলা ও শুকনা ফলের দাম। গত এক সপ্তাহ থেকে ১০ দিনের ব্যবধানে পণ্যভেদে কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রি কমে যাওয়ায় উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরাও।
রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত ও কারওয়ান বাজার ঘুরে মসলার বাজারে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি এলাচের দাম ৪ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ৫ হাজার ২০০ টাকা হয়েছে। লবঙ্গের দাম ১ হাজার ৫০০ থেকে বেড়ে ১ হাজার ৭০০ টাকা, জিরা ৫৫০ থেকে ৬৫০ টাকা এবং কাজুবাদাম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া পেস্তাবাদামের দাম কেজিতে ২০০ টাকা বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কিশমিশ ৮২০ থেকে বেড়ে ৮৮০ টাকা এবং ইসবগুলের ভুসি ১ হাজার থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকায় দাঁড়িয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। আগে যে দামে পণ্য কেনা সম্ভব হতো, এখন সেই পণ্য কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। ফলে খুচরা বিক্রেতাদেরও বিক্রয়মূল্য বাড়াতে হচ্ছে।
কচুক্ষেতের এক ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মী সজীব মিয়া জানান, দাম বাড়ায় ক্রেতারা কেনাকাটার আগে একাধিক দোকানে ঘুরে দাম যাচাই করছেন। অনেকে দাম শুনে প্রয়োজনীয় পণ্য না কিনেই ফিরে যাচ্ছেন।
কারওয়ান বাজারের পাইকারি মসলা ব্যবসায়ী সাইদুলের দাবি, ভারতসহ আন্তর্জাতিক বাজারে বিভিন্ন মসলার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। ভারত থেকে জিরা ও এলাচসহ বিভিন্ন মসলা আমদানি করা হয়। আমদানি ব্যয় বাড়লে স্থানীয় বাজারেও দাম বাড়ে।
অন্যদিকে, খুচরা বিক্রেতারা বলছেন, পণ্যের দাম বাড়লে ক্রেতাদের কাছে বাড়তি দামের ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়ে। এতে ক্রেতাদের মধ্যে কেনাকাটার প্রবণতা কমে যায়, যার প্রভাব পড়ে ব্যবসায়।
মসলার বাজারে এমন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ আরও বাড়ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে মসলার বাজারে স্বস্তি ফেরানো কঠিন হতে পারে।