মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদানির ৯২৫ মেগাওয়াট গ্রিডে, বাড়ছে সরবরাহ- লোডশেডিং কমার সম্ভাবনা


প্রকাশ : (২ মাস আগে)
আদানির ৯২৫ মেগাওয়াট গ্রিডে, বাড়ছে সরবরাহ- লোডশেডিং কমার সম্ভাবনা

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে আরও ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, ফলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে উন্নতির আশা করা হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানায়, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ইউনিটটি সফলভাবে গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয় এবং বর্তমানে পূর্ণ সক্ষমতার কাছাকাছি উৎপাদন করছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ধাপে ধাপে এই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে। এতে জাতীয় গ্রিডের সক্ষমতা বাড়বে এবং দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং কমাতে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রতিটি উৎস থেকে প্রায় ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

আরএনপিএল হচ্ছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ, যা নির্ধারিত সময় অনুযায়ী উৎপাদনে যাচ্ছে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। তবে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি তৈরি করেছিল। নতুন এই সংযোজন সেই ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন