বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জে প্রীতি ফুটবলে অফিসার্স ক্লাবকে ২-০ গোলে হারিয়ে প্রেসক্লাব বিজয়ী


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
কালীগঞ্জে প্রীতি ফুটবলে অফিসার্স ক্লাবকে ২-০ গোলে হারিয়ে প্রেসক্লাব বিজয়ী

লালমনিরহাটের কালীগঞ্জে প্রেসক্লাব ও অফিসার্স ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় অফিসার্স ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে কালীগঞ্জ প্রেসক্লাব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তুষভান্ডার রমণী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় নিজ নিজ দলের নেতৃত্বে ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। কালীগঞ্জ প্রেসক্লাব দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিতাস আলম।

রেফারির বাঁশি বাজার পর থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। ম্যাচের শুরু থেকেই চমৎকার সমন্বয় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় প্রেসক্লাব দল। প্রথমার্ধেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। শেষ পর্যন্ত অফিসার্স ক্লাবকে কোনো গোল শোধের সুযোগ না দিয়ে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কালীগঞ্জ প্রেসক্লাব।

কালীগঞ্জ প্রেসক্লাবের হয়ে গোল দুটি করেন মাহাবুর ও তমাল।

কালীগঞ্জ প্রেসক্লাবের টিম ম্যানেজার তিতাস আলম জানান, খেলা দেখতে তুষভান্ডার রমণী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলাপ্রেমী দর্শক ও সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ধরনের আয়োজন শুধু প্রীতি ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খেলাধুলা ও শারীরিক কসরত কাজের ক্লান্তি দূর করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

 

বিজ্ঞাপন