ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে দায়িত্ব পালন করে আলোচনায় এসেছেন বার্সেলোনার কোচ হানসি ফ্লিক। বাবার মৃত্যুর খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডাগআউটে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেন তিনি। পরে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।
ক্ল্যাসিকো জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন জার্মান এই কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমি খুব গর্বিত। এই দিনটি কখনো ভুলব না। শিরোপা জিততে পেরে আমি ভীষণ খুশি। স্টেডিয়ামের পরিবেশও ছিল অসাধারণ।’
ফ্লিক জানান, ম্যাচের দিন সকালে মায়ের ফোনে বাবার মৃত্যুর খবর পান তিনি। প্রথমে বিষয়টি দলের কাছে জানাবেন কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন। পরে খেলোয়াড়দের সব খুলে বলেন।
তিনি বলেন, ‘এই দলটা আমার কাছে পরিবারের মতো। তাই শেষ পর্যন্ত সবাইকে জানিয়েছি। এরপর তারা মাঠে যেভাবে খেলেছে, তা ছিল অবিশ্বাস্য। এই মুহূর্ত আমি কখনো ভুলতে পারব না।’
ম্যাচ শেষে খেলোয়াড়রা ফ্লিককে কাঁধে তুলে উদযাপন করেন। এমন ভালোবাসা আগে কোনো স্টেডিয়ামে পাননি বলেও জানান তিনি।
এদিকে লা লিগার শিরোপা নিশ্চিত হলেও বার্সেলোনার লক্ষ্য এখানেই শেষ নয়। বাকি তিন ম্যাচে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করতে চায় দলটি। পাশাপাশি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যও সামনে রেখেছেন ফ্লিক।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বার্সেলোনার সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়তে পারে তার। ভবিষ্যৎ নিয়ে ফ্লিক বলেন, ‘আমি মনে করি সঠিক সময়েই সঠিক জায়গায় আছি। আমরা সবাই এই ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই। বার্সেলোনার মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা, আগামী মৌসুমে আমরা সেই চেষ্টাই করব।’