চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হারের পরও হতাশ নন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ন্যু ক্যাম্পে ২-০ গোলের পরাজয় সত্ত্বেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তার মতে, জয় পেতে কোনো অলৌকিকতার দরকার নেই—প্রয়োজন কেবল নিজেদের সেরা খেলাটা মাঠে তুলে ধরা।
প্রথম লেগে পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ফ্লিক মনে করেন, আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই ফল ঘুরিয়ে দেওয়া সম্ভব। শক্তিশালী প্রতিপক্ষ হলেও অ্যাতলেতিকোর বিপক্ষে জয়ের সামর্থ্য বার্সেলোনার আছে বলেই বিশ্বাস তার।
শনিবার (১১ এপ্রিল) লা লিগার ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে হারানোর পর ফ্লিক বলেন, দলকে নিজেদের খেলায় মনোযোগী থাকতে হবে। তার ভাষায়, ভালো খেলতে পারলে যে কোনো কিছুই সম্ভব।
এদিকে লা লিগায় ৩১ ম্যাচ শেষে ৯ পয়েন্ট ব্যবধানে শীর্ষে রয়েছে বার্সেলোনা। বাকি ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে কাতালানদের। তবে এই অবস্থাতেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন ফ্লিক। তিনি স্পষ্ট করে বলেন, লিগ এখনো শেষ হয়নি, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।
ফ্লিকের মতে, মৌসুমের শেষ বাঁশি না বাজা পর্যন্ত সেরাটা দিয়েই খেলতে হবে দলকে। একই মানসিকতা ধরে রেখে সামনে এগোতে চান তিনি এবং দ্বিতীয় লেগেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছেন বার্সা কোচ।