দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মোহামেদ সালাহ জানিয়ে দিলেন লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত। চলতি মৌসুম শেষে প্রিয় অ্যানফিল্ডকে বিদায় বলছেন মিশরীয় এই তারকা ফরোয়ার্ড।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান সালাহ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এই শহর ও ক্লাব তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল, যা কখনো ভোলার নয়।
গেল বছর চুক্তির মেয়াদ বাড়ানো হলেও নতুন কোচ আর্নে স্লট-এর সঙ্গে তার সমন্বয় খুব একটা জমেনি। একাধিক ম্যাচে একাদশের বাইরে থাকা এবং পারফরম্যান্সের ওঠানামা মিলিয়ে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটেই বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি।
২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে দ্রুতই ক্লাবের অন্যতম সেরা তারকায় পরিণত হন সালাহ। লাল জার্সিতে ৪০০-এর বেশি ম্যাচ খেলে ২৫০-এর বেশি গোল করে তিনি ক্লাব ইতিহাসের শীর্ষ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
তার নেতৃত্বে লিভারপুল জিতেছে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপসহ একাধিক শিরোপা। ব্যক্তিগত অর্জনেও তিনি উজ্জ্বল—একাধিকবার জিতেছেন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
সালাহ বলেন, সমর্থকদের ভালোবাসাই তাকে সবসময় অনুপ্রাণিত করেছে এবং সেই স্মৃতিগুলোই তার ক্যারিয়ারের সেরা সম্পদ হয়ে থাকবে।
এদিকে লিভারপুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ২০২৫-২৬ মৌসুম শেষে দুই পক্ষের সম্মতিতেই এই বিচ্ছেদ ঘটছে। ক্লাবটি জানিয়েছে, অ্যানফিল্ডে সালাহর অবদানকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করা হবে।
তবে বিদায়ের ঘোষণা এলেও, তার পরবর্তী গন্তব্য নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও বিষয়টি নিশ্চিত হয়নি।