প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে। সোমবার (১৬ মার্চ) রাজধানী কাবুল-এ একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলার ঘটনায় ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে, যেখানে কয়েকশ মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। হামলাটিকে অনেকেই ইসরায়েল-এর সামরিক অভিযানের সঙ্গে তুলনা করছেন।
আফগান পেসার নাভিন-উল-হক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, পাকিস্তান ও ইসরায়েলের কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না।
একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। তিনি বলেন, বেসামরিক মানুষ, আবাসিক এলাকা কিংবা চিকিৎসা স্থাপনায় হামলা—ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত—তা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এমন হামলাকে তিনি গভীরভাবে নিন্দনীয় বলে উল্লেখ করেন।
রশিদ খান এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে জাতিসংঘ-সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি কঠিন এই সময়ে আফগান জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।