আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ভারতের ওপেনার অভিষেক শর্মা আবারও হতাশ করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম–এ তিন বল খেলে শূন্য রানে আউট হয়ে টানা তৃতীয় ম্যাচে ডাক মারেন তিনি। ইনিংসের প্রথম ওভারেই ডাচ স্পিনার আরিয়ান দত্ত তার স্টাম্প ভেঙে দেন।
এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষেও শূন্য রানে ফিরেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ফলে চলতি বিশ্বকাপে এখনো রানের খাতা খুলতে পারেননি অভিষেক।
এই আউটের মাধ্যমে ২০২৬ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার ডাকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। ওপেনারদের মধ্যে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ডাকের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এই তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের সাইম আইয়ুব, যিনি ২০২৫ সালে ছয়বার শূন্য রানে আউট হয়েছিলেন। একই সঙ্গে ভারতের হয়ে এক বছরে সবচেয়ে বেশি ডাকের রেকর্ডেও সঞ্জু স্যামসন–এর পাশে নাম লেখান অভিষেক।
তবে ওপেনারের ব্যর্থতা ঢেকে দেন শিভাম ডুবে। দলের বিপর্যয়ের মুহূর্তে ২৫ বলে অর্ধশতক তুলে নিয়ে শেষ পর্যন্ত ৩১ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও ছয়টি ছক্কা। হার্দিক পান্ডিয়া–র সঙ্গে পঞ্চম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে দলের রানের গতি বাড়ান ডুবে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ইশান কিষাণ ১৮ রান করে আউট হলে পাওয়ারপ্লে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৫১। এরপর সূর্যকুমার যাদব ও তিলক বর্মা জুটি গড়লেও তিলক ৩১ রানে বিদায় নেন রোলফ ভ্যান ডার মারভে–র দারুণ ক্যাচে।
মাঝের ওভারগুলোতে কিছুটা ধীরগতির পর শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ভারত। সূর্যকুমার ৩৪ রান করে ফিরলেও শেষ পাঁচ ওভারে ৭৫ রান তোলে দলটি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ভারত।
নেদারল্যান্ডসের হয়ে লোগান ভ্যান বিক ৩টি উইকেট নেন। এছাড়া আরিয়ান দত্ত ২টি ও কাইল ক্লেইন ১টি উইকেট শিকার করেন।