শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

রিয়ালের ম্যাচে উত্তেজনা, লাল কার্ডে দ্বিতীয় লেগে ডাগআউটে থাকবেন না হোসে মরিনহো


প্রকাশ :

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে দারুণ লড়াইয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেনফিকার মাঠে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় ছিলেন বেনফিকার কোচ হোসে মরিনহো, যিনি ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।

শুরু থেকেই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে-এর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ভিনিসিউস। সেই গোলেই এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা।

গোলের পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদযাপনের সময় বেনফিকার তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নির সঙ্গে বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ভিনিসিউস। এ সময় বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ফিফার অ্যান্টি-রেসিজম প্রোটোকল প্রয়োগ করেন।

ম্যাচের ৮৫তম মিনিটে উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আসে। সাইডলাইনে প্রতিবাদ করতে গিয়ে মরিনহো ধারাবাহিক দুইটি হলুদ কার্ড দেখেন, যা মিলিয়ে লাল কার্ডে রূপ নেয়। টিভি রিপ্লেতে দেখা যায়, একটি ফাউলের ঘটনায় তিনি রিয়ালের খেলোয়াড়কে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকেই মাঠ ছাড়তে হয়।

এই জয়ে প্লে-অফে এগিয়ে থাকলো রিয়াল মাদ্রিদ। আগামী ২৫ ফেব্রুয়ারি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ফিরতি লেগ, যেখানে ডাগআউটে দেখা যাবে না মরিনহোকে।