শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

মেসির বছরের প্রথম গোলেও মায়ামির জয় অধরা, বার্সেলোনা এসসির সঙ্গে ২–২ ড্র


প্রকাশ :

ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত একক গোল এবং নতুন সাইনিং জার্মান বেরতেরামের গোলে অবদান সত্ত্বেও বার্সেলোনা এসসির বিপক্ষে জিততে পারেনি ইন্টার মায়ামি। শনিবারের ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

৩১তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন মেসি। চলতি বছরে এটিই ছিল আর্জেন্টাইন তারকার প্রথম গোল।

তবে বিরতির আগেই স্বাগতিকদের হয়ে জোয়াও রোজাস সমতা ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির নিখুঁত ক্রস থেকে আবারও এগিয়ে যায় মায়ামি। ডান প্রান্ত থেকে দেওয়া তার পাসে বক্সের বাইরে থেকে শট নেন জার্মান বেরতেরাম; ডিফ্লেকশনে বল জালে জড়ায়। মনতেরে থেকে দলে আসা এই মেক্সিকান ফরোয়ার্ডের জন্য এটি ছিল মায়ামির হয়ে প্রথম একাদশে নামা ম্যাচ।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের পর মেসিকে তুলে লুইস সুয়ারেসকে নামান কোচ হাভিয়ের মাসচেরানো। শেষ দিকে জয় হাতের নাগালে মনে হলেও ৮৭তম মিনিটে ডেভিড আয়ালা লাল কার্ড দেখলে পরিস্থিতি বদলে যায়। অল্প সময়ের মধ্যেই কাছ থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান তোমাস মার্তিনেজ।

দক্ষিণ আমেরিকা সফরে তিন ম্যাচে এটি মায়ামির দ্বিতীয় ড্র। এর আগে আলিয়ানজা লিমার কাছে হার এবং আতলেতিকো নাসিওনালের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

নতুন মৌসুমের আগে প্রস্তুতির শেষ ম্যাচে শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের মুখোমুখি হবে মায়ামি।