তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাটের ব্যবস্থাপনায় ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় লালমনিরহাট সদর উপজেলায় (অনূর্ধ্ব–১৫) ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা সদরের নবীনগর মাদ্রাসা সংলগ্ন মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন লালমনিরহাট জেলার তথ্য অফিসার সৌমিক রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মজমুল হোসাইন প্রামানিক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম.এম. দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও সংগঠক মো. মাসুম মিয়া, লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল এবং লালমনিরহাট সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম লিকু। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, কোচ, ম্যানেজার, অভিভাবক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বত্কৃতা পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করেন।
দিনব্যাপী এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া একাডেমি থেকে মোট ৪০ জন খেলোয়াড় অংশ নেন।
খেলা শেষে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ী দলকে চ্যাম্পিয়নস ট্রফি এবং রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।