২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই উৎসর্গ হোক—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী তারকা ফ্রাঙ্ক লেবোউফ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আসরে পর্তুগালকেই অন্যতম ফেবারিট হিসেবে দেখছেন তিনি।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় সব সাফল্য অর্জন করলেও একটি বিশ্বকাপ শিরোপার অভাব রয়েছে রোনালদোর। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে আল-নাসর তারকা দাবি করেছেন, তার ফুটবল লিগ্যাসি বিশ্বকাপ জয়ের ওপর নির্ভর করে না। তবে ৪০ বছর বয়সেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়াই প্রমাণ করে, বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন এখনো তার মনে জোরালোভাবেই রয়েছে। সেই স্বপ্ন পূরণের সুযোগ আসছে ২০২৬ বিশ্বকাপে।
ফ্রাঙ্ক লেবোউফ মনে করেন, ক্যারিয়ারের শেষ প্রান্তে যেমন লিওনেল মেসি কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছেন, তেমনি ২০২৬ বিশ্বকাপেও রোনালদো ট্রফি হাতে তুলতে পারেন। তিনি বলেন, “বিশ্বকাপ জয় একজন ফুটবলারের ক্যারিয়ারে বড় পার্থক্য গড়ে দেয়। রোনালদো অসাধারণ ফুটবলার, তার ক্যারিয়ারে একটি বিশ্বকাপ প্রয়োজন। যেমন ২০২২ বিশ্বকাপ মেসির জন্য ছিল, তেমনি আমি সত্যিই আশা করি ২০২৬ বিশ্বকাপ রোনালদোর জন্য উৎসর্গ হবে। বর্তমান পর্তুগাল দলটি দুর্দান্ত, তাদের শিরোপা জয়ের সামর্থ্য আছে।”
এদিকে, ফ্রান্সের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেকে জিনেদিন জিদানের সঙ্গে তুলনা করতেও রাজি নন লেবোউফ। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমবাপ্পে ২০২২ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন এবং জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তবুও জনপ্রিয়তা ও প্রভাবের বিচারে জিদানের ধারে-কাছেও এমবাপ্পে যেতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।
লেবোউফ বলেন, “জিদানের যে গ্রহণযোগ্যতা ও উচ্ছ্বাস, সেখানে এমবাপ্পে কখনোই পৌঁছাতে পারবে না। ২০০৬ সালের ঘটনার পরও মানুষ জিদানকে ভালোবাসে। এমবাপ্পের পারফরম্যান্স অসাধারণ, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বিতর্ক রয়েছে, যা অনেকের পছন্দ নয়।”
তবে এমবাপ্পের ফুটবল সামর্থ্যের প্রশংসা করতেও ভুল করেননি লেবোউফ। ভবিষ্যতে তাকে ফরাসি ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে দেখার আশাও প্রকাশ করেন এই সাবেক ডিফেন্ডার।