সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর আজ দেশে ফিরছেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতেই তাদের আমিরাত পর্ব শেষ হচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস ও তাসকিনের শারজা ওয়ারিয়র্স। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে এসে দেশের টানে এবং বিপিএলের প্রস্তুতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন দুই পেসার।
ফিরতি পথে মোস্তাফিজের সঙ্গে বিমানে বসে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তাসকিন আহমেদ। সেখানে তিনি জানান, বিপিএলে নিজের সেরাটা দিতে তিনি পুরোপুরি প্রস্তুত।
এবারের আইএল টি–টোয়েন্টিতে বল হাতে সবচেয়ে বেশি আলো কেড়েছেন মোস্তাফিজুর রহমান। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। ২১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই বাঁহাতি পেসার।
তার নিখুঁত স্লোয়ার ও কাটার বিশ্বমানের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শুরুতে কিছুটা ছন্দ হারালেও সময়ের সঙ্গে নিজেকে ফিরে পান মোস্তাফিজ এবং দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অন্যদিকে শারজা ওয়ারিয়র্সের হয়ে তাসকিন আহমেদ খেলেছেন ৬ ম্যাচ, নিয়েছেন ৯টি উইকেট। পরিসংখ্যানে কিছুটা পিছিয়ে থাকলেও তার বোলিংয়ের গতি ও আগ্রাসন ছিল চোখে পড়ার মতো। ২০ ডিসেম্বর ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি, যা ছিল তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও পাওয়ার প্লেতে কার্যকর বোলিং করে দলের ভরসা হয়ে ওঠেন তাসকিন।
ডেথ ওভারে কিছুটা রান খরচ হওয়ায় তার ইকোনমি রেট দাঁড়িয়েছে ৮.৭৬। তবুও পুরো টুর্নামেন্টজুড়ে শারজার বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন তিনি।
পয়েন্ট টেবিলে বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডেজার্ট ভাইপার্স। ১০ পয়েন্ট নিয়ে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। তবে ৯ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া শারজা ওয়ারিয়র্সের ভাগ্য এখনো অনিশ্চিত।
প্লে-অফে জায়গা করে নিতে হলে শারজাকে আগামীকাল ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। শেষ পর্যন্ত নেট রানরেটই নির্ধারণ করবে শেষ চারের টিকিট।