পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত একটি ব্যক্তিগত দ্বীপে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন। ‘রেড সি রেসিডেন্স’ নামের অভিজাত আবাসন প্রকল্পে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়ে যুক্ত হয়েছেন তিনি।
এই আবাসন প্রকল্পটি রেড সি ইন্টারন্যাশনাল উদ্যোগের অংশ। ভিলাগুলো মূল ভূখণ্ড থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে একটি দ্বীপে নির্মিত। সেখানে পৌঁছাতে নৌকা বা সি-প্লেনই একমাত্র ভরসা।
রোনালদো জানান, প্রথমবার দ্বীপে যাওয়ার পর থেকেই তিনি ও জর্জিনা জায়গাটির সঙ্গে এক ধরনের মানসিক টান অনুভব করেন। চারপাশের প্রাকৃতিক পরিবেশ, নীরবতা ও নির্জনতা তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
পারিবারিক ব্যবহারের জন্য একটি তিন শয়নকক্ষের ভিলা কেনার পাশাপাশি তিনি আরও একটি দুই শয়নকক্ষের ভিলার মালিক হয়েছেন। এই প্রকল্পের শুরুর দিকের মালিকদের একজন হওয়ায় যেকোনো সময় এখানে এসে নিরিবিলি সময় কাটানোর সুযোগ পাবেন তারা।
রেড সি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পে বিলাসিতা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার পাশাপাশি গোপনীয়তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো আবাসন এলাকাটি নবায়নযোগ্য জ্বালানির ওপর পরিচালিত হচ্ছে।