সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

টি–টোয়েন্টিতে সাকিবের ম্যাচসেরা ৪৫, তার ওপরে আছেন শুধু তিনজন


প্রকাশ :

সময় এগোনোর সঙ্গে সঙ্গে গতি কিছুটা কমেছে, ধারও আগের মতো নেই। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি চোখে পড়েছে। তবু অভিজ্ঞতার জোরে গুরুত্বপূর্ণ মুহূর্তে যে তিনি এখনও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, সেটাই আবার দেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

আইএল টি–টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে রোববার দুর্দান্ত এক অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন সাকিব। বল হাতে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট হাতে অপরাজিত থেকে যোগ করেন ১৭ রান। তার এই কার্যকর অবদানেই জয়ের পথে এগিয়ে যায় এমআই এমিরেটস।

ম্যাচ শেষে ম্যাচ–সেরার পুরস্কার ওঠে ৩৮ বছর বয়সী সাকিবের হাতে। টি–টোয়েন্টি ক্রিকেটে এটি তার ৪৫তম ম্যাচ–সেরা পুরস্কার। এই কৃতিত্বে তিনি জায়গা করে নিয়েছেন রাশিদ খান ও অ্যালেক্স হেলসের কাতারে। হেলস ৫২৪ ম্যাচে এবং রাশিদ ৫০৪ ম্যাচে ৪৫ বার করে ম্যাচ–সেরা হয়েছেন। তুলনায় কম ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব, যিনি খেলেছেন ৪৬৫ ম্যাচ।

টি–টোয়েন্টিতে সাকিবদের চেয়ে বেশি ম্যাচ–সেরা হয়েছেন মাত্র তিন ক্রিকেটার। যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। পোলার্ড ৭২৮ ম্যাচে এবং ম্যাক্সওয়েল ৪৮৯ ম্যাচে ৪৮ বার করে ম্যাচ–সেরা হয়েছেন। তালিকার শীর্ষে আছেন ক্রিস গেইল। ‘ইউনিভার্স বস’ খ্যাত এই ক্যারিবীয় ব্যাটার ৪৬৩ ম্যাচ খেলেই জিতেছেন ৬০টি ম্যাচ–সেরা পুরস্কার।

এই ম্যাচের আগে সাকিব সবশেষ ম্যাচ–সেরা হয়েছিলেন গত আগস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে সেই ম্যাচে তিনি নিয়েছিলেন তিন উইকেট, সঙ্গে করেছিলেন ২৫ রান।

এরপরের সাতটি টি–টোয়েন্টিতে তার পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। পাঁচ ম্যাচে ছিলেন উইকেটশূন্য, বাকি দুই ম্যাচে পান একটি করে উইকেট। সেই ভাটার টান কাটিয়ে আইএল টি–টোয়েন্টির এই ম্যাচে আবারও অভিজ্ঞতার ছাপ রাখলেন সাকিব আল হাসান।