সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, সূচি প্রকাশ


প্রকাশ :

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আগামী বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ২৬ মার্চ বোস্টনের জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এর পাঁচ দিন পর, ৩১ মার্চ অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। তবে ম্যাচগুলোর কিক-অফ সময় এখনও জানানো হয়নি।

বিশ্বকাপের আগে মার্চের আন্তর্জাতিক বিরতিতে এগুলোই হবে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। এরপরই ২০২৬ বিশ্বকাপের জন্য দল ঘোষণার প্রক্রিয়া শুরু করবেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।

এ দুটি ম্যাচকে সামনে রেখে অরল্যান্ডোর ইএসপিএন ওয়াইড ওয়ার্ল্ড কাপ কমপ্লেক্সে অনুশীলন ক্যাম্প স্থাপন করবে ব্রাজিল দল। আগের কোপা আমেরিকাতেও একই ভেন্যুতে ক্যাম্প করেছিল ভিনিসিয়ুস জুনিয়রদের দল। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য আগামী মে মাসের শেষ সপ্তাহে তেরেসপোলিসের গ্রাঞ্জা কোমারিতে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

ব্রাজিল জাতীয় দলের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো বলেন, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে ম্যাচগুলো হবে উচ্চমানের পরীক্ষা। তাঁর মতে, ভিন্ন ধাঁচের ফুটবল খেলা দলগুলোর বিপক্ষে মাঠে নামার মাধ্যমেই বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে চায় ব্রাজিল।