সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

১ লাখ ৪৩ হাজার কোটি টাকায় বার্সেলোনায় বিনিয়োগে আগ্রহ সৌদি যুবরাজের


প্রকাশ :

ফুটবল অঙ্গনে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি আরব। সৌদি প্রো লিগে বিশ্ব ফুটবলের বহু তারকার অংশগ্রহণের পর এবার ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর দিকেও নজর দিচ্ছে দেশটি। সেই ধারাবাহিকতায় স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ বিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। এই অর্থের বিনিময়ে বার্সেলোনার মালিকানা বা অংশীদারিত্ব অর্জনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে বার্সেলোনা। ক্লাবটির ঋণের পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন ইউরো। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে এককালীনভাবে ঋণ পরিশোধের সুযোগ তৈরি হতে পারে এবং আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে কাতালান ক্লাবটি।

স্পেনের জনপ্রিয় টেলিভিশন শো ‘এল চিরিঙ্গুইতো’-তে বিশ্লেষক ফ্রাঁসোয়া গালার্দো জানিয়েছেন, সৌদি যুবরাজ বার্সেলোনার অংশীদারিত্ব কেনার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন। এই বিনিয়োগ সরাসরি অথবা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর মাধ্যমে হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে বিষয়টি বাস্তবে রূপ দেওয়া সহজ নয়। বার্সেলোনা কোনো ব্যক্তি বা কর্পোরেট মালিকানাধীন ক্লাব নয়। এটি ‘সোসিও’ বা সদস্যভিত্তিক মালিকানার কাঠামোয় পরিচালিত হয়। ক্লাবের প্রশাসনিক সিদ্ধান্ত ও ভোটাধিকার সদস্যদের হাতেই থাকে। ফলে বর্তমান ব্যবস্থায় কোনো বিদেশি ব্যক্তি বা সংস্থার হাতে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ হস্তান্তর প্রায় অসম্ভব।

ফুটবল ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, সৌদি আরব বার্সেলোনার পূর্ণ মালিকানা না পেলেও বাণিজ্যিক খাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা মিললেও ক্লাব পরিচালনা বা মাঠের ফুটবলের নিয়ন্ত্রণ সৌদি পক্ষের হাতে যাওয়ার সম্ভাবনা নেই।