বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করা এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার রসুলপুরের স্মার্ট কনফারেন্স হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ছান্দিয়াপুর বিজ্ঞান ও যুব ক্রীড়া ক্লাব।
ক্লাবের প্রতিষ্ঠাতা বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সভাপতি মানিক মিয়া। প্রধান অতিথি ছিলেন সাদুল্লাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব। এ সময় মাই টিভি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মুহাম্মদ শাহীন মিয়া, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ফিরোজ কবিরসহ জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সমাজকর্মী, নারী প্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পের যুব স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সমাজে প্রচলিত বৈষম্যমূলক ধারণা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক উদ্যোগে তাঁদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে জেন্ডারভিত্তিক বৈষম্য নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন।
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৯৬০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
৪৩ সেকেন্ড আগে
সামাজিক নিরাপত্তা খাতে আশার ব্যয় ১১৮ কোটি টাকা
২২ মিনিট আগে