দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর হামলায় জড়িতদের এবং কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে যাত্রাবাড়ী থানার নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মামলার আসামিদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
তিনি বলেন, সারোয়ার ওয়াদুদ চৌধুরীর দায়ের করা ঢাকার সিএমএম আদালতের সিআর মামলা নং ৯৫১/২৬-এ দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৩৮৫, ৪২৭, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবিকে দেওয়া নির্দেশের রিপোর্ট এবং আইনানুগ পদক্ষেপ ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী অভিযোগ করে বলেন, যাত্রাবাড়ী থানার পুলিশের সহযোগিতায় সারোয়ার ওয়াদুদ চৌধুরীকে হত্যার চেষ্টা করা হয়েছে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে সন্ত্রাসীদের মাধ্যমে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ছয়তলা ভবনের ফাউন্ডেশনের বেজমেন্ট, গ্রেটবিম, কলাম, রড ও অন্যান্য নির্মাণসামগ্রী লুট করা হয়েছে।
সাবেক সচিব ড. আব্দুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
এ সময় বক্তারা সিআর মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তাদের মধ্যে নুরুল হাসান, রেহানা আক্তার, কিশোর গ্যাং নেতা তৌসিফ, ফজলুর রহমান খান, ফারুক আহমেদ, মাহফুজুর রহমান ভূঁইয়া ও মোস্তফা কামালের নাম উল্লেখ করা হয়।
বক্তারা অভিযোগ করেন, মামলার কয়েকজন আসামির বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অর্থপাচার, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা এবং আর্থিক অনিয়মসহ বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সাংবাদিক সম্মেলনে পাওয়া যায়নি।
সাংবাদিক সম্মেলনে উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, ড. জমিরুল আকতার, নজরুল গবেষক ও কবি এইচ এম সিরাজ, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, কৃষিবিদ সাইদুজ্জামান চপল, পরিবেশবিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রস্তম, প্রকৌশলী মনির আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সৌদি প্রতিষ্ঠা দিবসকে ‘আঁধার দিবস’ বললেন ইমাম হায়াত
১৩ ঘন্টা আগে