বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে লায়ন্স ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
রংপুরে লায়ন্স ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ

রংপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে বিভিন্ন বয়সী প্রায় এক হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর সদরের কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার ও বিপিডিএর সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পে প্রায় ২০টি বুথে চক্ষু, গাইনি, মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগসহ বিভিন্ন বিষয়ে সেবা দেওয়া হয়। এর পাশাপাশি রক্তে শর্করা ও রক্তচাপ পরীক্ষা, উচ্চতা ও ওজন মেপে বিএমআই নির্ণয়, দাঁতের চিকিৎসা এবং চক্ষু পরীক্ষা করা হয়।

চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যগত সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেন। বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়া রোগীদের রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস, জীবনযাপন ও নিয়মিত চিকিৎসার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। নিবন্ধিত রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত বইও বিতরণ করা হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে রংপুর লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও সদস্য লায়ন অ্যাডভোকেট আবদুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ লায়ন প্রফেসর ডা. মো. আখতারুজ্জামান এবং ২০২৬-২৭ সেবাবর্ষের সভাপতি লায়ন ফরিদ আহমেদ রুমি উপস্থিত ছিলেন।

এ সময় ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও মো. আনোয়ার হোসেন, পিআরও আবু নাসের সিদ্দিক, ক্যাম্প কো-অর্ডিনেটর মো. জাহিদ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে চক্ষুসেবা, ক্যান্সার রোগীদের সহায়তা, দুর্যোগ ও বন্যায় ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।

বিজ্ঞাপন