রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সারোয়ার ওয়াদুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
সারোয়ার ওয়াদুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজীরগাঁওয়ে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও ‘সবার জন্য বাংলাদেশ’র উপদেষ্টা পরিষদের সদস্য সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর সশস্ত্র হামলা, কারখানায় লুটপাট ও স্থায়ী কার্যালয় দখলের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হোসাইন মোহাম্মদ সেলিম।

এক বিবৃতিতে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, দুর্নীতি, জুলুম ও দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলা নাগরিকের অধিকার। এ অধিকার প্রয়োগ করতে গিয়ে একজন প্রবীণ নাগরিক ও সংগঠককে প্রকাশ্যে হামলার শিকার হতে হয়েছে। মীমাংসার আলোচনা শেষে গাড়িতে থাকা অবস্থায় সারোয়ার ওয়াদুদ চৌধুরীকে টেনে নামিয়ে মাথা ও শরীরে অস্ত্র দিয়ে মারধর করে অচেতন করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে তিনি আরও বলেন, সারোয়ার ওয়াদুদ চৌধুরী আদালতের নির্দেশনা ও বৈধ কাগজপত্র নিয়ে প্রশাসনের কাছে প্রতিকার চাইলেও তা পাননি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার যে অভিযোগ উঠেছে, তারও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো অবস্থাতেই অপরাধীদের পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ নেই।

তিনি সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে জবরদখল করা স্থায়ী কার্যালয় ও কারখানা পুনরুদ্ধার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন