রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জে খামারভাতী যুব শক্তি ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
কালীগঞ্জে খামারভাতী যুব শক্তি ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার নানা কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খামারভাতী যুব শক্তি ফাউন্ডেশন। ‘শিক্ষা ও ভবিষ্যৎ ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার খামারভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার এসএসসি পাস, বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থী এবং মাদ্রাসার শিশু হাফেজ ও হাফেজাসহ মোট ৩০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে মনে করেন আয়োজকরা।

অনুষ্ঠানে খামারভাতী যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি মোঃ ছায়েদুর রহমানের সভাপতিত্বে এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক নবিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

২০২৩ সালে প্রতিষ্ঠিত খামারভাতী যুব শক্তি ফাউন্ডেশন একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। এলাকার শিক্ষিত ও সচেতন যুবক, প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনটির সদস্য সংখ্যা শতাধিক বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার বিত্তশালী ব্যক্তি ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ঈদুল ফিতরে অসহায়দের মাঝে সেমাই-চিনি ও শিশুদের পোশাক বিতরণ এবং ঈদুল আজহায় মাংস বিতরণ।

এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে এলাকার রাস্তাঘাট মেরামত, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতা এবং অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।

আয়োজকরা জানান, এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধার স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সামাজিকভাবে সবাইকে সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন