মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জুলাই সনদ বাস্তবায়ন না করলে তরুণ প্রজন্ম সরকারকে লাল কার্ড দেখাতে দেরী করবে না - রংপুরে ছাত্রশিবির সভাপতি


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
জুলাই সনদ বাস্তবায়ন না করলে তরুণ প্রজন্ম সরকারকে লাল কার্ড দেখাতে দেরী করবে না - রংপুরে ছাত্রশিবির সভাপতি

ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে তরুণ প্রজন্ম সরকারকে লাল কার্ড দেখাতে এক মিনিটও দেরী করবে না। বর্তমান সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা জুলাই সনদে স্বাক্ষর করে জাতির কাছে অঙ্গীকার করেছিল নির্বাচনের পর তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। লক্ষ-কোটি মানুষের সামনে তারা যে ওয়াদা করেছিল, তা বাস্তবায়ন না করে জাতির সামনে নিজেদের মুনাফেক হিসেবে উপস্থাপন করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কারমাইকেল কলেজ ছাত্র শিবির আয়োজিত শহীদ মিনার প্রাঙ্গনে ‘নবীন বরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকার প্রধান উত্তরবঙ্গে এসে বলেছিল আপনার গণভোটে হ্যাঁ এর পক্ষে দয়া করে রায় দিন। যারা সেদিন গণভোটের পক্ষে ভিক্ষা চেয়েছিল, সেই ভিক্ষুকের জাতি ক্ষমতায় আসার পর নিজেদের মুনিব মনে করছে। তারা এখন বলছে হ্যাঁ ভোটের পক্ষে কথা না বললে জাতীয় নির্বাচন দেয়া হতো না। ক্ষমতায় যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য ছিল। তারা পূর্বে যে লুটপাট করেছিল, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গিয়ে সেগুলোর বৈধতা নেয়ার জন্য জাতির কাছে ছল-চাতুরীর আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন করছে না কারণ এই রাষ্ট্রের সংস্কার হলে চিরস্থায়ী ক্ষমতার বন্দোবস্ত করা সম্ভব হবে না। হ্যাঁ ভোটে ৩০টি পয়েন্টে সকল রাজনৈতিক দল একমত হয়েছিল। তারা বলেছিল নির্বাচিত হওয়ার পর সেগুলো বাস্তবায়ন করবে। কিন্তু জাতীয় নির্বাচনের পর তারা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। তারা সংবিধানের এই মৌলিক সংস্কার চায় না।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর শিবিরের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নানা ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে। তারা শিবিরকে রগ কাটার দল হিসেবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে। এত নিপীড়ন-নির্যাতনের মধ্যে থেকেও আওয়ামী সরকারের আমলে শিবিরের কার্যক্রম তিন গুণ বৃদ্ধি পেয়েছে। আজ শিবির অত্যন্ত সুসংগঠিত একটি সংগঠন। আমরা চাই শিক্ষার্থীরা মানবিক মর্যাদায় বেড়ে উঠুক। তারা নীতি-নৈতিকতা বজায় রেখে আগামীর বাংলাদেশ গঠনে কাজ করে যাবে।
কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মন্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, শিবির কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম শাকিল, রংপুর মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমানসহ শিক্ষার্থীরা। নবীন বরণ অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষে কারমাইকেল কলেজে ভর্তি হওয়া ১৮টি বিভাগের নিবন্ধিত ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। শেষে বিভিন্ন বিভাগের ২ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

বিজ্ঞাপন