গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধার মানিক এলাকায় অভিযান চালায়। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ৫৫০টি ইয়াবা ট্যাবলেট ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাইদুলের সহযোগী হিসেবে নাজমুল (৩২), রাজু (১৯), কবীর হোসেন (৪৫) ও ইব্রাহিম (৪৫) নামে আরও চারজনকে আটক করা হয়। তারা সবাই উপজেলার আন্ধার মানিক গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ঈমান আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে এলাকার সন্ত্রাসীদের ধরে নিয়ে গেছে। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং এখন তারা শান্তিতে থাকতে পারবেন বলে আশা করছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এলাকার চিহ্নিত অপরাধীদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে