মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হিমাগারে ভাংচুর চালিয়ে জোরপূর্বক সংরক্ষিত আলু বের করে নিয়ে যাওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশ : (২৩ ঘন্টা আগে)
হিমাগারে ভাংচুর চালিয়ে জোরপূর্বক সংরক্ষিত আলু   বের করে নিয়ে যাওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হিমাগারে ভাংচুর চালিয়ে জোরপূর্বক কম ভাড়ায় সংরক্ষিত আলু বের করে নিয়ে যাওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। রবিবার (১৬ আগস্ট) রাতে আরসিসিআই মিলনায়তনে সংগঠনের পরিচালক শরিফুল ইসলাম বাবু জানান, ২০২৫ সালে সরকার নির্ধারিত ৬ টাকা ৭৫ পয়সা কেজি প্রতি আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ করা হলেও কৃষি মন্ত্রণালয়, সরকারী কর্মকর্তা, হিমাগার মালিকসহ আর্থিক বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে হিমাগারে আলু সংরক্ষণে কেজি প্রতি ভাড়া নির্ধারণ না করে আলু চাষী ও ব্যবসায়ীদের নামে কতিপয় স্বার্থান্বেষী মহল জোরপূর্বক ভাড়া কমানোর দাবীতে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে। অপরদিকে হিমাগার পরিচালনায় শ্রমিক খরচ, স্টাফদের বেতন-ভাতা, বর্ধিত হারে বিদ্যুৎ বিল, আমোনিয়া গ্যাসের বর্ধিত মূল্যসহ আর্থিক বিষয়ক বিশ্লেষণ না করে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ করলে তা মুক্ত বাজার অর্থনীতির সাথে সাংঘর্ষিক হবে বলে জানান ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তরবঙ্গে তেমন কোন শিল্প-কারখানা নেই। শুধুমাত্র হিমাগার শিল্প স্থাপিত হয়েছে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের জন্য। বর্তমানে হিমাগার পরিচালনায় আনুসঙ্গিকখাতে ব্যয় বৃদ্ধি হয়েছে। সেই ব্যয় বিবেচনায় না নিয়ে আলু চাষী ও ব্যবসায়ীর নামে স্বার্থান্বেষী একটি মহল হিমাগার ভাড়া কমানোর নামে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে। তারা মব তৈরী করে হিমাগার মালিকদের ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমরা কৃষকের পাশে রয়েছি। কৃষকদের সুবিধার্থে আমরা ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকার কর্তৃক প্রণোদনা দেয়া, পোল্ট্রি ফার্ম, এনিমেল ফিড, বিএডিসি হিমাগারের মত ব্যক্তি মালিকানাধীন হিমাগারের বিদ্যুৎ বিল শতকরা ২০ ভাগ হারে রিবেট প্রদান করা, হিমাগারকে কৃষি ভিত্তিক শিল্প ঘোষণাসহ রাজস্ব বাজেট থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৬ থেকে ৮ হাজার কোটি টাকা তফশীলি ব্যাংকে বরাদ্দ করে হিমাগার পরিচালনা ও স্থাপনের জন্য শতকরা ৪ থেকে ৫ ভাগ সুদ হারে ঋণ প্রদান করা, উৎপাদিত আলু রপ্তানীতে উৎসাহিত করতে শতকরা ১০ ভাগের পরিবর্তে শতকরা ৩০ ভাগ প্রণোদনা প্রদান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। দেশের খাদ্য, পুষ্টি নিরাপত্তার পাশাপাশি হিমাগার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।
রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আহমেদ আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জুলফিকার আজিজ খান, পরিচালক পার্থ বোস, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক রুবায়েত হোসেন খান, সাব্বির আহমেদ, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল, রংপুর উইমেন চেম্বারের সভাপতি শাহনাজ পারভীনসহ ৮টি ব্যবসায়ী সংগঠনের নেতারা। 

বিজ্ঞাপন