লালমনিরহাটে র্যাব-১৩-এর অভিযানে ২০ বোতল নিষিদ্ধ এসকাফসহ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি রোকন উদ্দিন বাবুলের ভাতিজা ইলিয়াছ হোসেন ওরফে লিটন এবং তার সহযোগী আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে|
মঙ্গলবার (১৪ এপ্রিল) র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বিকেল জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে|
র্যাব-১৩ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়| এ সময় এমপির ভাই আলহাজ মফিজ উদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন ওরফে লিটনের (৪৮) বসতবাড়ির গোয়ালঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২০ বোতল নিষিদ্ধ এসকাফ জব্দ করা হয়| অভিযানে মাদক ব্যবসায়ী ইলিয়াছ হোসেন ও তার সহযোগী আমিনুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়|
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়| তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে|
অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে|