রংপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করার প্রতিশোধ হিসাবে স্বামী ছুরি দিয়ে গলায় কুপিয়ে প্রতিবেশী রাকিবকে হত্যা করেছে। হত্যার ঘটনার তিন দিন পর হত্যার সাথে জড়িত সন্দেহে সোমবার সন্ধ্যায় র্যাব মমিন মিয়া (৪২) ও তার স্ত্রী সুইটি বেগম (৩৫) কে গ্রেফতার করেছে। তাদের গ্রেফতারের বিষয়টি রাতে সাংবাদিকদের কাছে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সত্যতা স্বীকার করেনে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গত ৯ এপ্রিল রংপুর মহানগরীর রবার্টসন্স এলাকার তাঁতীপাড়ায় কে বা কারা রাকিবকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী আরো বলেন, বিষয়টি তদন্ত করার পর সোমবার সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়ার জনৈক রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে র্যাব মমিন ও সুইটি দম্পতিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদেও তথ্য নিয়ে র্যাবের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঘটনার আগের দিন ৮ এপ্রিল আসামি মোমিনের স্ত্রী সুইটি বেগম তার কন্যাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসার সময় ভিকটিম রাকিবের সাথে বাক-বিতন্ডা হয়।
পরবর্তীতে আসামি সুইটি বেগম তার স্বামী মোমিনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে উত্তেজিত করে। পরেরদিন, ভিকটিম রাকিবকে দেখতে পেয়ে আসামি মোমিন বাড়ি থেকে ছুরি এনে আঘাত করার ফলে ভিকটিম ঘটনাস্থলে নিহত হন।
গ্রেফতার কৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।