বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে জমি বিরোধে শাবলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ২


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলার পৌরসভার তেলীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবলের আঘাতে আহত হয়ে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে| এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে| শনিবার (১১ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমন তেলীপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে| দীর্ঘদিন ধরে চাচা আব্দুস সোবহানের পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল| শুক্রবার (১০ এপ্রিল) রাতে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়|

সংঘর্ষের সময় শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন| স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়| পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়|

ঘটনার পর নিহতের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে| অভিযোগের ভিত্তিতে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করেছে|

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব জানান, সুমন হত্যার অভিযোগে এজাহারভুক্ত আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করা হয়েছে| পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|