বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ক্লাইমেট অ্যাওয়ারনেস ফ্ল্যাশমব: ন্যায্য রূপান্তরে তরুণদের আহ্বান


প্রকাশ :

জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং একটি সবুজ, সমতাপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের দাবিতে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘ক্লাইমেট অ্যাওয়ারনেস ফ্ল্যাশমব’।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের মিশন মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশ নেন।

VSO Bangladesh-এর সহযোগিতায় ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন ও অদম্য যুব সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্ল্যাশমবের মাধ্যমে তরুণরা অভিনয়, নৃত্য ও সৃজনশীল পরিবেশনার পাশাপাশি রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু ন্যায্যতার পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

কর্মসূচিতে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিদান, সদস্য মোমেনা খাতুন সাথী; ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৌরভ শাহা, যুগ্ম সম্পাদক সজীব চক্রবর্তী এবং সদস্য স্মৃতি রানী মোদ।

ফ্ল্যাশমবটি সঞ্চালনা করেন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন।

এই আয়োজনের মাধ্যমে তরুণরা জলবায়ু সংকট মোকাবিলায় নীতিনির্ধারকদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানান। পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।