বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নারী হত্যা, অর্ধপোতা লাশ উদ্ধার; স্বামী পলাতক


প্রকাশ :

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারীকে হত্যার পর ধানখেতে লাশ গোপন করার চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে অর্ধপোতা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশুরা বেগম (৪৫) ওই এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ধানখেতে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সূত্র জানায়, আশুরা বেগমের ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ছিল। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তিনি তৃতীয় স্বামী বাবলু হোসেনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে আশুরা বেগমকে স্বামী বাবলুর সঙ্গে দেখা যায়। এরপর রাতেই বাড়ির পাশের ধানখেতে তার লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকেই বাবলু হোসেন নিখোঁজ রয়েছেন।

তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য তুষার হোসেন বলেন, লাশ অর্ধেক মাটিচাপা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি পরিকল্পিত হতে পারে এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার আশঙ্কা রয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, হত্যার পর লাশ গোপনের চেষ্টা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।