বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায়  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপি এলাকার সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প এলাকায় রাত আনুমানিক ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়।

পরে সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ হলে বিএসএফ জানায়, ৭-৮ জন বাংলাদেশি সীমান্তের তারকাঁটা বেড়া কাটার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

এতে মো. আলী হোসেন (৪৯) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল  সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা ˆবঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।