বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অ্যামোনিয়া সংকটে বন্ধের মুখে ডিএপি সার কারখানা


প্রকাশ :

গ্যাস সংকটের কারণে ইতোমধ্যেই বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুটি বৃহৎ সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। এই পরিস্থিতিতে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এবার উৎপাদন বন্ধের শঙ্কায় পড়েছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে সিইউএফএল ও কাফকো পুনরায় চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ শুরু না করলে ডিএপিএফসিএলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, “আমাদের কারখানায় গ্যাসের চাহিদা তুলনামূলক কম হলেও ইউরিয়া উৎপাদনের জন্য অ্যামোনিয়া সরবরাহ অপরিহার্য। বর্তমানে মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হবে না।”

জানা গেছে, দেশের কৃষিখাতে সুষম সার ব্যবহারের লক্ষ্যে এবং যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি’র নিয়ন্ত্রণে ডিএপিএফসিএল প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত এই কারখানায় দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করে কারখানাটি বর্তমানে দৈনিক গড়ে ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকেই পাশের সিইউএফএল ও কাফকো কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে ডিএপিএফসিএল উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সাম্প্রতিক গ্যাস সংকটে ওই দুটি কারখানা বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহও বন্ধ হয়ে গেছে।

এদিকে কারখানার যন্ত্রপাতির মেয়াদোত্তীর্ণ হওয়া ও জনবল সংকটের কারণে উৎপাদন সক্ষমতাও আগের তুলনায় কমে এসেছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

বিশেষজ্ঞদের মতে, সার কারখানাগুলোর এই ধারাবাহিক সংকট দীর্ঘস্থায়ী হলে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।