বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বিকাশ ও নগদ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারী থানার একটি ডিজিটাল প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির অফিসার ইনচার্জ সাদ আহমেদ জনান, ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম (১৯) আদিতমারী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অজ্ঞাতনামা কয়েকটি নম্বর থেকে তাকে ফোন করে ভয়ভীতি ও কৌশলে বিভ্রান্ত করা হয়। এক পর্যায়ে তার বিকাশ ও নগদ একাউন্টের ওটিপি কোড জেনে নিয়ে মোট প্রায় ৮৪,৭০০ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

পরবর্তীতে একাউন্ট ব্লক করে আরও ২,৩০,০০০ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে একাউন্ট খোলা হবে না বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তভার পরে জেলা গোয়েন্দা শাখার ওপর ন্যস্ত করা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়। গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে মাগুরা জেলার শ্রীপুর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মো. রুবেল বিশ্বাস (২৮) কে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তার বাড়ি থেকে ইউসুফ মোল্লা (৫০) ও মো. টিটু মোল্লা (৩০) নামের আরও দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারণা চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন, একাধিক সিমকার্ড ও বিভিন্ন মোবাইল নম্বর উদ্ধার করা হয়েছে, যেগুলোর মাধ্যমে বিকাশ ও নগদ একাউন্ট পরিচালিত হতো।

পুলিশ বলছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে অপরিচিত নম্বর থেকে আসা কল ও লিংকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।