রংপুর প্রেস ক্লাবের ভবন নির্মাণের প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের মামলায় উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ৫ এপ্রিল রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করলে বিচারক মো. রফিকুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, আব্দুর রউফ সরকার ২০২০ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক ছিলেন মাহিগঞ্জ কলেজের শিক্ষক ও মাছরাঙা টেলিভিশনের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সরকার। তাদের যৌথ স্বাক্ষরে প্রেস ক্লাব ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ ব্যয়ের আংশিক হিসাব পরবর্তী কমিটির কাছে দাখিল করা হয়।
পরবর্তী কমিটির সভাপতি ছিলেন যুগান্তর রংপুর ব্যুরোপ্রধান মাহবুব রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত নির্মাণ ব্যয়ের হিসাব অভ্যন্তরীণভাবে তিন দফা অডিট করা হয় এবং পরে জেলা সমবায় অফিস ও বিভাগীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিস থেকেও অডিট সম্পন্ন করা হয়।
অডিট প্রতিবেদনে দেখা যায়, মোট ১ কোটি ৩ লাখ ৫১ হাজার ৩৫২ টাকার ব্যয়ের মধ্যে ২৮ লাখ ২০ হাজার ৫১৩ টাকা কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রংপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম বাবু মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে পিবিআই মামলাটি তদন্ত করে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ফিরোজ কবীর জেলা সমবায় অফিস ও বিভাগীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের কর্মকর্তাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত ৩০ আগস্ট দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালতের নির্দেশে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামি রফিকুল ইসলাম সরকার শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মিন্নাৎ খানম মুক্তা বলেন, পিবিআই তদন্তে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে এবং চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। আদালত যথাযথ বিবেচনায় আসামিকে কারাগারে পাঠিয়েছেন।
এ বিষয়ে উত্তর বাংলা কলেজের সভাপতি ডা. শফিকুল ইসলাম নন্তু বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং শিগগিরই কমিটির সভা ডেকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।