বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপিত


প্রকাশ :

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস, ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: রমিজ আলম। রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই অনুষ্ঠান আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধ তৈরি করে। তিনি বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

বর্তমান সরকার ক্রীড়াবান্ধব উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য সরকার খেলার মাঠ দখলমুক্ত ও নতুন মাঠ সৃজনের লক্ষ্যে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও সরকার ১২৯ জন ক্রীড়াবিদকে মার্সিক ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছে। এই কর্মসূচির আওতায় আরো ৫০০ জন ক্রীড়াবিদের তথ্য যাচাই-বাচাই চলছে।

ক্রীড়া সংক্রান্ত প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ৭টি ইভেন্টে জেলা ও উপজেলা পর্যায়ে ১২ থেকে ১৪ বছর বয়সি তরুণ-তরুণীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে।

তিনি আরো বলেন, খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। এই খেলাধুলা জাতীয় ঐক্যের প্রতীক। বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ‍ধরতে রাজনীতিমুক্ত ক্রীড়া অঙ্গন প্রতিষ্ঠায় তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। এছাড়াও প্রতিমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়াবান্ধব দেশ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এরপূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।