লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান (২৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার রহমতপুর ইউনিয়নের গাডিয়ারভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান একই এলাকার বাসিন্দা এবং মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মিজানুর রহমান সীমান্ত সংলগ্ন ভুট্টাক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে একটি গুলি তার শরীরে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে তার অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।