লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টায় জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় তিনি প্যারেডের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাগত মান মূল্যায়ন করেন।
সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেনের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) সফিকুর রহমানের সহায়তায় ছয়টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদল অংশ নেয়। সুসজ্জিত কুচকাওয়াজে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব ও সমন্বয় ছিল চোখে পড়ার মতো।
পরিদর্শন শেষে চৌকস ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। পাশাপাশি তিনি সকল সদস্যকে শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সালমান ফারুকসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।