বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় বিএনপি নেতা নিহত, ৪ কিশোর আটক


প্রকাশ :

নোয়াখালীর সদর উপজেলায় ছেলেকে রক্ষা করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় মো. সেলিম (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সেলিম গুরুতর আহত হন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত মো. সেলিম ওই গ্রামের প্রয়াত মো. শাহজানের ছেলে। তিনি দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি ছিলেন এবং বাড়ির পাশেই একটি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমের ছোট ছেলে অন্তরের সঙ্গে একই এলাকার এক কিশোরের কয়েকদিন আগে সিনিয়র-জুনিয়র বিষয়ক বিরোধ সৃষ্টি হয়। এর জেরে উভয়ের মধ্যে উত্তেজনা চলছিল।

ঘটনার দিন বিকেলে মোবাইলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যার দিকে কয়েকজন কিশোর সেলিমের বাড়ির সামনে এসে অন্তরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি দেখে নিজের দোকান থেকে ছেলেদের রক্ষা করতে এগিয়ে যান সেলিম। এ সময় হামলাকারীরা তাকে ঘিরে মারধর করে এবং মাথায় গুরুতর আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে শাকিল অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালিয়ে তার বাবাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় দাদপুর ইউনিয়ন কৃষক দলের নেতারা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা কৃষক দলের সদস্য সচিব জি এস আব্দুজ্জাহের হারুন এক বিবৃতিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।